
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া এক হাজার ৫০০ শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দিয়েছেন।
গত রোববার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, নারীশিক্ষার প্রসার, বিদ্যালয়ে যাতায়াত সহজ এবং ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ দিকে একই দিন শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দাবি, দুই দিনে প্রায় চার হাজার মানুষকে এ সেবা দেয়া হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর স্ত্রী মীর লাবনী আকতার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্তসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। পরে জাইমা রহমান ও জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








