আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি
আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি । সংগৃহীত ছবি

বিশ্বে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, ইরানের মহান জাতি কখনো আধিপত্যবাদী শক্তি ও দখলদার ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে মাথা নত করবে না; বরং তাদেরকেই নতি স্বীকারে বাধ্য করবে।

Advertisement

তেহরানে ইমাম খোমেনি (রহ.)-এর মাজারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই অনুষ্ঠানে বাসিজ বাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন।

ইরানি জনগণের ভূমিকা ও দৃঢ় অবস্থানের ওপর গুরুত্বারোপ করে জেনারেল ওয়াহিদি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই বর্তমান সময়ের মতো এতটা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েনি। ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসকগোষ্ঠীর সামনে কখনো মাথা নত করবে না।

তিনি আরো বলেন, ইরান বর্তমানে আরেকটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত। ইরানের জনগণ তাদের শহীদ ইমামের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করছেন। তাদের এই দৃঢ় অবস্থানের ফলেই আধিপত্যবাদী শক্তি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এর মূল কারণ ইরানের মহান জনগণের অবিচল প্রতিরোধ।

আইআরজিসি প্রধান বলেন, আজ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটি আগে কখনো এতটা একঘরে অবস্থায় পড়েনি। যুক্তরাষ্ট্র যাদের কাছেই সহযোগিতা চেয়েছে, ইরানের জনগণের ভয়ে তারা প্রকাশ্যে সহায়তা করতে এগিয়ে আসেনি। কিছু গোপন সহায়তা দেয়া হলেও যুক্তরাষ্ট্র এর চেয়ে অনেক বেশি প্রত্যাশা করেছিল।

মেজর জেনারেল ওয়াহিদি দৃঢ়তার সাথে বলেন, ইরানের জনগণ কখনো আধিপত্যবাদী শক্তি ও ইসরাইলি শাসকগোষ্ঠীর সামনে মাথা নত করবে না; বরং তাদেরকেই নত হতে বাধ্য করবে।

সূত্র : পার্সটুডে