
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে একটি মার্কেটের ৩০টি দোকানের মধ্যে ১৫টি দখল করে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে আসাদুর জামান সনেটের বিরুদ্ধে। মার্কেটের মালিক আছাদুজ্জামান মিন্টুর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানগুলো দখল এবং চাঁদা না পেয়ে মার্কেটের নাম পরিবর্তন করেছেন সনেট। মিন্টু জানান, ২০১১ সালে বারবাজার রেললাইনের পাশে পৈতৃক জমি ও রেলওয়ের কাছ থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য নেয়া জমিতে ‘মৃধা শাহাজাহান প্লাজা’ নির্মাণ করেন তিনি। ২০১৮ সালে মার্কেটের একটি দোকান ভাড়া নেন সনেট। ২০২৩ সালের ১ জুন পাঁচ বছর মেয়াদি চুক্তি নবায়ন করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সনেট মার্কেটের ১৫টি দোকানের নিয়ন্ত্রণ নিয়ে ভাড়া আদায় শুরু করেন বলে অভিযোগ মিন্টুর। পরে মার্কেটের নাম পরিবর্তন করে ‘ আছাদুজ্জামান প্লাজা’ রাখা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ঝিনাইদহ আদালতে মামলা করেছেন মিন্টু। তার দাবি, আদালত ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, ২০২৬ সালের ৩১ আগস্ট সনেট ২৩ হাজার ৭৬০ টাকা জমা দিয়ে ৬০০ বর্গফুট জমির বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিসিআর নেন। তবে ১০ সেপ্টেম্বর পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ওই বরাদ্দ বাতিল করেন। নোটিশে জমিতে সনেটের দখল বা স্থাপনা না থাকা এবং ভুল তথ্য দিয়ে কাগজ সংগ্রহের বিষয় উল্লেখ করা হয়।
অভিযোগ অস্বীকার করে সনেট বলেন, তিনি মার্কেটের ভাড়াটিয়া। বরাদ্দ বাতিলের আনুষ্ঠানিক নোটিশ পাননি। সেপ্টেম্বর মাসে ১৩টি দোকানের ভাড়া তোলার কথা স্বীকার করলেও দোকানগুলো পৈতৃক জমিতে নয় বলে দাবি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








