অব্যবস্থাপনায় ক্ষোভ, অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

 মো: সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ

Advertisement

দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ চিকিৎসাসামগ্রী পড়ে থাকার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন মন্ত্রী। শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন।
এর আগে শনিবার দৈনিক নয়া দিগন্তে ‘মমেকে চিকিৎসাসামগ্রী ময়লার গুদামে, রোগীদের কিনতে হয় বাইরে থেকে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। হাসপাতালে ব্যবহারের উপযোগী চিকিৎসাসামগ্রী ময়লার গুদামে পড়ে থাকা এবং রোগীদের বাইরে থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাধ্য হওয়ার বিষয়টি প্রতিবেদনে উঠে আসে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ এবং ওয়াশরুমের পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজ নেন তিনি। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন। 
হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী ময়লার ভাগাড়ে পড়ে থাকার ঘটনায় উদ্বেগ জানিয়ে মন্ত্রী দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। এসব সামগ্রী কিভাবে সেখানে গেল, এর পেছনে কারো দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হওয়ায় কারণ জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা সহায়তা দেন।
হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেয়ার বিষয়টিও মন্ত্রীর নজরে আসে। এ বিষয়ে জানতে চাইলে ছুটির কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানানো হয়। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। এ সময় উপজেলাপর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।