বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

Advertisement

বঙ্গোপসাগরের পূর্ব-মধ্যাঞ্চল ও এর সংলগ্ন দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সৃষ্টি হওয়া লঘুচাপটি আরো শক্তিশালী হতে পারে। তবে এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। সাগরও শান্ত রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, অক্টোবরের শেষ দিকে ও নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। বর্তমান লঘুচাপটি কোন পর্যায়ে শক্তিশালী হবে, তার ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের হসৃষ্টি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাহারের পর সাধারণত ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়।
বাংলাদেশে অতীতে অক্টোবরের শেষ দিকে ও নভেম্বরে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়ে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। সিডরের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।