
প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই প্রস্তাব দেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সভায় জানানো হয়, আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্নের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি কাজ করবে। এজন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সুনির্দিষ্ট সুপারিশ দেয়ার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।
সভায় চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে ভিসিগণ জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লেগে যায়। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং একাডেমিক কার্যক্রম শুরু করতে মারাত্মক বিলম্ব হয়।
ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা সঠিকভাবে যাচাই করা যায়।’ এ জন্য আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তিনি জোর দেন।
সভায় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে ভিসিগণ কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রির মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শ দেয়া হয়।
উচ্চশিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউজিসি চেয়ারম্যান বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া : ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে।’
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকসঙ্কট নিরসন, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং গবেষণার মাধ্যমে যাবতীয় সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়। এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে সব শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপের সুযোগ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করার পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা হয়।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো: আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো: আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো: ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ অংশ নেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








