কিশোরগঞ্জ ছাত্রলীগের জেলা কমিটিতে জামায়াত আমিরের ছেলে, জানেন না বাবা

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Advertisement

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের আমির সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন।
গত ১৮ অক্টোবর প্রকাশিত কমিটির তালিকায় তার নাম রয়েছে। তবে ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত কি না, তা জানেন না বলে জানিয়েছেন তার বাবা সিরাজ উদ্দিন। তার দাবি, ছেলে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং ছাত্রলীগ করেন না।
সিরাজ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার ছেলে এখন জীবিকার তাগিদে মালয়েশিয়ায় থাকে। গত কয়েক মাস ধরে সে দেশের বাইরে রয়েছে। আমার ছেলে ছাত্রলীগ করে, সেটা আমি জানি না। জামায়াতের আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আর আমার ছেলে ছাত্রলীগ করে না।’ এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, ‘ইউনিয়ন জামায়াত আমিরের ছেলে জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকাটা আশ্চর্যের কিছু নয়।’
তিনি অভিযোগ করেন, সরকারকে বিপদে ফেলা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও জামায়াত এক হয়ে কাজ করছে। অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ঘটনা দেখা গেছে বলে দাবি করেন তিনি। তবে তার ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও কমিটিতে পরে বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।