মাদকবিরোধী অভিযান, ইশরাক হোসেন, অস্ত্র
মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেন। ইন্টারনেট

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। 

Advertisement

আজ রোববার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

গতকাল শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও আপলোড করেন ইশরাক।

ভিডিওতে দেখা যায়, নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৬ আসনের গেণ্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন বস্তিতে আকস্মিক অভিযানে যান ইশরাক। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি থেকে নেমে চিৎকার করে বলেন, ‘এই ধর ধর ধর...।’ এসময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেবো।’

প্রতিমন্ত্রীর দেহরক্ষীরা তখন দৌড়ে কয়েকজনকে ধরার চেষ্টা করেন।

গেণ্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের নিয়ে আসে। আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডার জাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলেঅ হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।