সংক্ষিপ্ত সংবাদ

যশোরে ছাত্রদল নেতা ছূরিকাহত 

Advertisement

যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রবকে (২৩) ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাহত করা হয়। আহত ফয়সালকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেছেন, সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। এর জের ধরে অঙ্কন নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে। কামরুজ্জামান বাপ্পি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেবো।’ স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন (১৮) নামে এক যুবকের সাথে ফয়সালের কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’ যশোর অফিস।

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা আক্তার (৭) ও ফাতেমা আক্তার (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাতলামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা দুই বোন নতুন ঘরের স্টিলের দরজায় বিদ্যুৎসংযোগে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেয়া হয়। এতে দরজাটিতে বিদ্যুতেরসংযোগ সৃষ্টি হয়। সন্ধ্যায় বড় বোন নাহিদা ঘুম থেকে উঠে দরজাটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। এ সময় বড় বোনকে পড়ে যেতে দেখে ছোট বোন ফাতেমা তাকে ধরতে এগিয়ে যায়। একপর্যায়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে দুই শিশুরই মর্মান্তিক মৃত্যু হয়। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।

মাদককারবারির হাতে এসআই ছুরিকাঘাত

মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে। আহত অবস্থায় তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শালিখা (মাগুরা) সংবাদদাতা।

রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা

পণ্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা একটি উন্নত জাতি, রাষ্ট্র, পরিবার এবং ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনেরা। গতকাল আরডিআর এর মিলনায়তনে বিশ্ব মান দিবস উপলক্ষে ‘অভিন্ন লক্ষ উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধর জ্বালানি’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা। বিএসটিআই রংপুর বিভাগীয় ও জেলায় কার্যালয় আয়োজিত আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ, ডিআইজি কার্যালয়েরে পুলিশ সুপার  (ট্রাফিক অ্যান্ড অপারেশন) বিএম আশরাফ উল্লাহ তাহের প্রমুখ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহনুমা তারান্নুম। রংপুর ব্যুরো।

কটিয়াদীতে ইয়াবাকারবারি আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাপিয়া আক্তার আলো মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামের মাদককারবারি লিটন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার পুলিশ মঙ্গলবার মধ্যরাতে লিটনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। লিটন মিয়া ও তার স্ত্রী আলো  দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলো নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি।  কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা। 

রায়পুর ট্রলার ছিনিয়ে নেয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় মৎস্য বিভাগের অভিযানকারী দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মো: সোহেল হোসেন (২১) নামের এক শ্রমিক আহত হয়েছেন। অভিযানে আটক করা একটি ট্রলার ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় এমরান চৌকদার ও কামাল শেখের নাম উল্লেখ করে রায়পুর থানায় এজাহার দিয়েছেন আহত শ্রমিক। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত সোহেল হোসেন উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়ার চর এলাকার বাসিন্দা। তিনি রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অধীনে অভিযানে সহায়তাকারী শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার পর তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

ভোলাহাটে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ

‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’- এই সেøাগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ভোলাহাট উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাহিদ হোসেন। সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো: সুলতান আলী, মেডিক্যাল অফিসার ডা: ফরহাদ আলী, উপজেলা শিক্ষাকর্মকর্তা ইব্রাহীম খলিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: আরেফিন এবং উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জ।  এ ছাড়াও স্থানীয় সাংবাদিক, ভোলাহাট সদর ও গোহালবাড়ী ইউনিয়নের ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদ দাতা।

মুন্সীগঞ্জে উদ্ধার ৩ পিস্তল উদ্ধার 

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতারকৃতদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার দুই সহোদর রয়েছেন। ক্যাপ্টেন অফিস অফিসার এসআরবির-১১ নারায়ণগঞ্জ মো: রওনক এরফান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাতে তথ্যের ভিত্তিতে এসআরবি-১৪-এর একটি দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্টে রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে থাকা একটি হারমোনিয়ামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দু’টি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মো: বারেক ব্যাপারি (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন তিনি। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দু’টি কিনেছেন বলেও জানান তিনি। মুন্সীগঞ্জ প্রতিনিধি।