বাগমারায় ইউএনও-এসিল্যান্ডের পদত্যাগ দাবিতে বিএনপির বিক্ষোভ
ইউএনও-এসিল্যান্ডের পদত্যাগ দাবিতে বাগমারায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। নয়া দিগন্ত

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে গোপন বৈঠক ও আঁতাতের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেছেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সঙ্গে ইউএনওর গোপন বৈঠক ও আঁতাতের অভিযোগ ছড়িয়ে পড়লে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ বাজারের আলুহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের নেতাদের পুনর্বাসনে প্রশাসনের কোনো ভূমিকা থাকলে তা প্রতিহত করা হবে। তারা এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক (মানিক) বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও দলটির নেতাদের পুনর্বাসনে প্রশাসনের একটি অংশ গোপনে কাজ করছে বলে তাদের সন্দেহ। গত সোমবার আওয়ামী লীগের উপজেলা শাখার সহ-সভাপতির সাথে ইউএনও দীর্ঘ সময় বৈঠক করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইউএনওকে অপসারণের দাবি জানান।

উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের অবজ্ঞা করে ইউএনও আওয়ামী লীগের নেতাদের বেশি গুরুত্ব দেন। তাদের অপেক্ষায় রেখে আওয়ামী লীগের নেতাদের ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম হেলালের সাথে গোপন বৈঠক বা আঁতাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার কাছে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। ওই ব্যক্তি কখন অফিসে এসেছেন, সেটিও তার জানা নেই। পরে তিনি জানতে পেরেছেন, তার সাথে গোপন বৈঠকের অভিযোগ তোলা হয়েছে। 

ইউএনও বলেন, ওই ব্যক্তি গত দুই বছরে অসংখ্যবার অফিসে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি। ইউএনও স্পষ্ট করে বলেন, তার সাথে কোনো গোপন আঁতাত বা বৈঠক হয়নি। বিক্ষোভকারীরা তাকে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করার জন্য চাপ দিয়েছিলেন। এতে সাড়া না দেয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।