
লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পরিদর্শনের সময় কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স ছাড়া পরিচালিত হতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেশের চিকিৎসাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব প্রতিষ্ঠানের সেবার মান ও নিয়মকানুন অনুসরণ নিয়ে জনমনে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। এ কারণে সরকার সম্প্রতি এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে শুরু করেছে।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা: সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ড. মুহিত বলেন, সরকারের পরিদর্শক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকলে সেটি সিলগালা করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর আরো কঠোর নজরদারি নিশ্চিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে। বিদ্যমান কিছু নীতিমালা হালনাগাদও করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হতো। এতে দীর্ঘসূত্রতা তৈরি হতো। এখন থেকে দু’বছর পরপর লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সেবার মানও যাচাই করা হবে।
এর আগে, সরকারি দলের সংরক্ষিত নারী আসন-২২-এর সংসদ সদস্য মোছাম্মৎ শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক নিয়োগ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পদায়নের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে প্রায় এক হাজার চিকিৎসককে বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়েছে এবং তাদের অধিকাংশই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তবে দীর্ঘদিনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকে পরিণত হওয়া সিনিয়র চিকিৎসকদের উপজেলা পর্যায়ে পদায়নের সুযোগ সীমিত। কারণ, উপজেলা পর্যায়ের প্রচলিত জনবল কাঠামোতে সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পদ নেই।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিশ্চিতের পাশাপাশি জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক রাখার বিষয়টিও সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান নিশ্চিতে সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








