নেত্রকোনায় কাঠের চটি দিয়ে ঝুঁকিপূর্ণ রেলব্রিজ রক্ষার চেষ্টা

 নেত্রকোনা প্রতিনিধি 

Advertisement

নেত্রকোনায় ধলাই নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ঝুঁকিপূর্ণ রেলব্রিজ সংস্কারের বদলে স্লিপারের ওপর কাঠের চটি বসিয়ে আপাতত মেরামতের চেষ্টা করা হয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির বিভিন্ন অংশ ভগ্নদশায় পরিণত হয়। এতে ওই পথে চলাচলকারী ট্রেনের যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
নেত্রকোনা কোর্ট রেলস্টেশনের পূর্বে পৌর এলাকার চকপাড়া-মইনপুর অংশে ধলাই নদীর ওপর ব্রিজটি অবস্থিত। প্রায় দেড় শ’ বছর আগে নির্মিত ব্রিজটি দীর্ঘ দিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। প্রায় ১০-১২ বছর আগে ময়মনসিংহের গৌরীপুর থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথের ৯টি স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পুনর্নির্মাণ করা হলেও ধলাই নদীর এ ব্রিজ এবং ঠাকুরাকোনা রেলব্রিজ সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই নদীর ব্রিজের পিলারের বিভিন্ন স্থানে পলেস্তারা ও ইট খসে পড়েছে। স্লিপারের নাট-বল্টু উঠে গেছে। অনেক স্লিপার নদীতে পড়ে গেছে। অবশিষ্ট স্লিপারগুলোও নড়বড়ে। ট্রেন চলাচলের সময় স্লিপারগুলো কাঁপতে থাকে। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি রেল কর্মকর্তাদের নজরে আনা হলে স্লিপারের ওপর পাতলা কাঠের চটি বসানো হয়। তবে এতে ঝুঁকি কতটা কমেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে যাত্রী ও স্থানীয়দের মধ্যে।
ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের শ্যামগঞ্জের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ব্রিজের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আপাতত কাঠের চটি বসিয়ে এটি রক্ষার চেষ্টা করছেন। ব্রিজটি সংস্কারের জন্য আগেই সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।