৫৮৩ শ্রমিকের মধ্যে প্রায় ৫ কোটি টাকার চেক বিতরণ শ্রমমন্ত্রীর
শ্রমিকদের মধ্যে চিকিৎসা সহায়তা, মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা এবং সন্তানদের শিক্ষা সহায়তা তুলে দেন শ্রমমন্ত্রী : নয়া দিগন্ত।

নিজস্ব প্রতিবেদক 

Advertisement

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমিকদের মধ্য চিকিৎসা সহায়তা, মৃত শ্রমিকের পরিবারকে আর্থিকসহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষাসহায়তা বাবদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 
গতকাল বুধবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৮৩ জন শ্রমিকের মধ্যে প্রায় ৫ কোটি টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের জন্য আজকের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর শ্রমিকদের জন্য এটিই সবচেয়ে বড় অনুদান।
শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়তই আমাদের নির্দেশনা দিচ্ছেন যে শ্রমিকরা সুস্থ থাকলে উৎপাদন বাড়বে, আর শ্রমিকরা ভালো থাকলে দেশের সার্বিক উন্নয়ন হবে। আমরা দায়িত্ব নেয়ার আগে অনেক বড় প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিত না। বর্তমানে আমরা সেই বকেয়া অর্থ আদায় করছি এবং তা সরাসরি শ্রমিকদের মধ্যে পৌঁছে দিচ্ছি।
মালিক ও শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিল্প কারখানার উৎপাদন ও আয়ের প্রবৃদ্ধি ঘটলে আমরা মালিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের মজুরি বাড়িয়ে নিতে পারব। এ জন্য রাজপথে আন্দোলনের প্রয়োজন হবে না। তবে এর জন্য কলকারখানা সচল রাখতে হবে এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। তিনি শ্রমিকদের উদ্দেশে কোনো প্ররোচনায় না পড়ার আহ্বান জানিয়ে বলেন, কলকারখানায় কোনো অনিয়ম হলে তা শ্রম পরিদর্শকদের জানান। কোনো প্ররোচনায় পড়ে রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি না করতে অনুরোধ জানাচ্ছি। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিক এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক মো: আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় এবং বিভিন্ন অধিদফতরের কর্মকর্তারা।