জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, রাজশাহীর ঘটনায় ঢাকায় গ্রেফতার ২

রাজশাহী ব্যুরো
সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে জুয়েলারি দোকানে এক লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণের চেইন নিয়ে মূল্য পরিশোধের নামে দেয়া হয় জাল নোট। রাজশাহীর সাহেববাজারে এ কৌশলে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রাজশাহীর পাশাপাশি বগুড়ায় একই কৌশলে আত্মসাৎ করা আরো একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: রিয়াজুল ইসলাম ও মো: রোমান। রিয়াজুল ঝালকাঠি সদর উপজেলার উত্তর মারাবাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত টানপাড়া এলাকায় বসবাস করেন। রোমান কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামের আলফু মিয়ার ছেলে। তিনি ঢাকার খিলক্ষেতের জামতলা মোড় এলাকার মা জুয়েলার্সের মালিক।
পুলিশের তথ্যানুযায়ী, রিয়াজুল একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানা ও ঢাকার খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা রয়েছে।

Advertisement