রিয়াদ বিমানবন্দরে আবার হামলা টার্মিনালে আগুন

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। এতে বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন ধরেছে। তবে কেউ হতাহত হয়েছেন কি না বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।  চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এটি চতুর্থ হামলা।
এর আগে শনিবার একই বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ ১২ জন নিহত হন। এরপর গতকাল রোববার আবার এই হামলা হলো। 
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, প্রক্ষিপ্ত একটি অস্ত্র রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হেনেছে। তাতে আগুন ধরে গেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিমানবন্দরের কাছে আরেকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে।
ঢাকা থেকে ৮টি ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দু’টি ফ্লাইটের বিষয়ে আজ দুপুর ১২টায় বিস্তারিত জানাবে এয়ারলাইনসটি। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল স্থানীয় সময় রাত ৯টা (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩টা) পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। 
এদিকে গতকাল বিকেল পর্যন্ত বাতিল হওয়া ৮টি ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দু’টি, ইউএস বাংলার একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দু’টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা ছিল দুই হাজার ৯৫১।
বার্তা সংস্থা রয়টার্স রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে বলেছে, কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সাথে যোগাযোগ ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলেছে।