আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

Advertisement

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হামলা-পাল্টা হামলায় বিশ্ব অনিরাপদ হয়ে উঠছে। এ সময় তিনি আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।
তুরস্ক সফর শেষে গতকাল রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াত আমিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির  নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন।
ডা. শফিকুর রহমান বলেন, রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়েছে। এ হামলার জন্য সৌদি আরব হাউছিদের দায়ী করেছে। সৌদি আরব হচ্ছে হারামাইন শরীফাইনের দেশ। যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ এবং রওজা। আর কালামে হাকিমও নাজিল হয়েছে।
তিনি বলেন, সৌদি আরবে যে কেউ হামলা করুক, এটা কোনো শুভ কাজ নয়। এটা একটা অশুভ কাজ। এজন্য এই ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা যাই থাকুক সেটা সমাধান হওয়া উচিত। এই হামলায় এ পর্যন্ত আমাদের জানামতে ১২ জন মানুষ নিহত হয়েছেন।
জামায়াত আমির আরো বলেন, রিয়াদের আন্তর্জাতিক এই বিমানবন্দর থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেরও দুইটি ফ্লাইট আমাদের এখানকার অথরিটি এটাকে স্থগিত করেছে। কিং খালিদ এয়ারপোর্টটি অতি বড় মাপের একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট। ধারণা করা হচ্ছে, হাজার হাজার ফ্লাইট ক্ষতিগ্রস্ত হবে। লাখ লাখ প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই ক্ষেত্রে হামলা পাল্টা হামলায় যারা নিয়োজিত রয়েছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো। গোটা বিশ্ব এখন অস্থির এবং অশান্তিতে পড়ে গেছে। জায়গায় জায়গায় মানুষের জীবন তুচ্ছ হয়ে উঠেছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমরা চাই না যে এটা আর হোক। এইজন্য আমরা দাবি করছি সবাই যেন শান্তির পথে ফিরে আসেন। আলাপ আলোচনায় বসেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় যেন এখানে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে।
তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, এটা দশকের নয় শতাব্দীর। তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল তার পাশাপাশি সরকারি বেসরকারি লেভেলে অনেকগুলো বৈঠক ছিল। তুরস্ক পার্লামেন্টের স্পিকারের সাথে বৈঠক হয়েছে। আরো উচ্চ পর্যায়ের অনেক সরকারি পর্যায়ের মিটিং হয়েছে। বেসরকারি পর্যায়ের অনেকগুলো মিটিং হয়েছে।
তিনি বলেন, আমরা ইন্টারন্যাশনাল যে কনফারেন্সে যোগদান করেছিলাম তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরা। এখানে তুরস্কের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন। তুরস্ক পার্লামেন্টের তুরস্ক বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যানসহ অন্যরা ছিলেন। এমপিরা ছিলেন। সরকারি দফতরের অনেক কর্মকর্তা ছিলেন।
তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যে আলোচনা হয়েছে আমরা বলেছি অনেক ক্ষেত্রে বিভিন্ন স্বার্থ নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে ব্যাপকভাবে। আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাদের বিনিয়োগ, ডিফেন্স ইন্ডাস্ট্রি সম্প্রসারণ করা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মক্কা প্যাক্টের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে গত ৭ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন।