
নয়া দিগন্ত ডেস্ক
খুলনায় তিনদিনের ব্যবধানে কেসিসির আরেক বর্জ্য কনটেইনারবাহী গাড়ির চালক গতকাল মারা গেছেন। এর আগে গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে এক চালক নিহত হয়েছিলেন। এ ছাড়া নাটোরের সিংড়া ও ময়মনসিংহের ভালুকায় আরো দুইজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
খুলনা ব্যুরো জানায়, মহানগরীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আরেক চালক কামরুল ইসলাম (৪০)। শনিবার দুপুরে নগরীর জয় বাংলা মোড়ে দু’টি ট্রাকের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এরপর গতকাল সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর শিববাড়ি মোড় এলাকার ইয়াকুব আলীর ছেলে। এর আগে গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে বর্জ্য কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক প্রাণ হারান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলাল উদ্দিন জানান, শনিবার দুপুরে কেসিসির বর্জ্যরে কনটেইনারবাহী একটি ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন কামরুল ইসলাম। পথে গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি আরেকটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিংড়ায় মাছ ব্যবসায়ী নিহত
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় হাসিব উদ্দিন (৩৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব উদ্দিন চৌগ্রাম পারুহার পাড়ার আবু জাফর সিদ্দিকের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত অটোভ্যানচালক আরিফুল ইসলাম হাসপাতালে ভর্তি আছেন। আর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, রোববার সকালে ব্যবসায়ী হাসিব উদ্দিন একটি অটোভ্যানে মাছ নিয়ে রনবাঘার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় পেছন থেকে একটি সারবোঝাই ট্রাক ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাসিব উদ্দিন মারা যান। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে নিয়ে যায় হাইওয়ে থানা পুলিশ। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভালুকায় বৃদ্ধ নিহত
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, রাস্তা পারাপারের সময় ভালুকায় ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ির চাপায় ইব্রাহীম খলিল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম মেহেরাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খোরশেদ আলম জানান, দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








