
যশোর অফিস
বিএনপি সরকার ‘লংমার্চে পতিত সরকার ফিরে আসবে’ ভয় দেখিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, এই ধরনের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। দেশবাসী তাদের এ ধরনের কথাবার্তার মানে বুঝে গেছে। ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবি পূরণে গণতান্ত্রিক আন্দোলন চলবে।
গতকাল রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরের ভিআইপি মিলনায়তনে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে এ লংমার্চ বলে উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বিগত দিনে ১১ দলীয় জোটের অধীনে দু’টি লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লংমার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে। লংমার্চের কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি।
লংমার্চের বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম থেকে সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির এক বিশাল বহর নিয়ে লংমার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই পথযাত্রায় মিডিয়াকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন। এরপর শরিয়তপুর ও বাগেরহাটে পথসভা, খুলনার বাবরি চত্বরে জনসভা, ফুলতলায় পথসভা, যশোরের মুড়লিতে জনসভা, ঝিনাইদহে জনসভা এবং সর্বশেষ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জনসভার মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল এমপিসহ খুলনা বিভাগ ও ফরিদপুর অঞ্চলের এমপি ও জেলা আমিররা। পরে দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








