৪ বছরের শিশুকে অপহরণের পরে হত্যা : দম্পতি আটক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর চার বছরের শিশু মো: ওমাইরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। নিহত ওমাইর ক্যাম্প-১৫-এর ডি/১ ব্লকের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। আট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ওমাইর নিখোঁজ হওয়ার পরদিন ৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুটির বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং শিশুটির বাবা ও স্থানীয় রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় তদন্ত শুরু করা হয়। এর ধারাবাহিকতায় ১০ অক্টোবর দুপুরে ক্যাম্প-১৫-এর ডি/১৩ ব্লকের বাসিন্দা আবদুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আবদুুর রহমান শিশুটিকে অপহরণের কথা এবং তার স্ত্রী আনসার বেগমের সহযোগিতায় শিশুটিকে হত্যা করার কথা স্বীকার করেছে। পরে আবদুুর রহমান ও আনসার বেগমের দেখানো স্থান অনুযায়ী ওই দিন রাত সোয়া ১০টার দিকে তাদের বসতঘরসংলগ্ন একটি জায়গায় টিনের বেড়ার ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় ওমাইরের লাশ উদ্ধার করা হয়। 

Advertisement