
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি ও উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নেয়া এবং ফসলি জমি ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ড্রেজার দিয়ে তিন ফসলি জমি নষ্ট করা হলেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় স্থানীয় কৃষক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ড্রেজার দিয়ে পুকুর খনন, জমি ভরাট ও কৃষিজমির মাটি কাটার কাজ চলছে। ব্রাহ্মণপাড়া সদর থেকে চান্দলা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের অন্তত ১০টি স্থানে বর্তমানে ড্রেজার দিয়ে পুকুর ও ফসলি জমি ভরাট করা হচ্ছে। পুরো উপজেলায় শতাধিক ড্রেজার সক্রিয় রয়েছে বলেও দাবি তাদের।
সরেজমিন বড়ধুশিয়া এলাকায় দেখা যায়, সরকারি সড়কের পাশে ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে পাশের তিন ফসলি জমিতে মাটি ও বালু ফেলা হচ্ছে। জমির মালিক আলম ভূঁইয়া, হান্নান ভূঁইয়া ও মান্নান ভূঁইয়া ড্রেজার দিয়ে জায়গা ভরাটের কথা স্বীকার করেন। কাজটি অবৈধ- এ বিষয়েও তারা অবগত বলে জানান। স্থানীয় এক কৃষক বলেন, চোখের সামনে ফসলি জমি নষ্ট হলেও প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করে কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার বন্ধ ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, বর্তমানে তিনি একাই প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সহকারী কমিশনার (ভূমি) পদেও কেউ নেই। ফলে সব এলাকায় তাৎক্ষণিকভাবে সময় দেয়া সম্ভব হচ্ছে না। শিগগিরই ‘টপসয়েল প্রতিরোধ কমিটি’ গঠন করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








