
নয়া দিগন্ত ডেস্ক
জামালপুরের বকশীগঞ্জে ঢাকা থেকে রৌমারীগামী শান্তি পরিবহনের একটি বাসের চাপায় মারা গেছেন বউ-শাশুড়ি। এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় দুই নারী এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণীর এক ছাত্র মারা গেছে।
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। স্থানীয়রা জানান, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাচ্ছিল। এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টার দিকে ওই দু’জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হেলপার মহিউদ্দিনসহ ঘাতক বাস ও বাসের হেলপারকে আটক করা হয়। বউ-শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিচয় এখনো মেলেনি।
লালমনিরহাটে দুই নারীর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট সদর উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনায় দুই নারীর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে স্কুলছাত্র নিহত
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে সহপাঠীর মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণীর ছাত্র জোবায়ের (১৪) নিহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের হাফিজুর মোল্যার ছেলে এবং স্থানীয় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জুবায়ের এক সহপাঠীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চালানোর সময় ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








