কর্ণফুলীতে মাস্টার নুরউদ্দিন জাহাঙ্গীর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত
উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাস্টার নুর উদ্দীন জাহাঙ্গীর। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাস্টার নুরউদ্দিন জাহাঙ্গীর। উপজেলা জামায়াতের সদস্যদের (রুকন) গোপন ভোটে এ আমির নির্বাচন সম্পন্ন হয়।

বুধবার (২৫ নভেম্বর) নবনির্বাচিত আমির মাস্টার নুর উদ্দীন জাহাঙ্গীর নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে দক্ষিণ জেলা জামায়াতের আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী নবনির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।

এর আগে, ১৯ নভেম্বর উপজেলা শাখা জামায়াতের নারী-পুরুষ সদস্যদের (রুকন) গোপন ভোটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত আমির মাস্টার নুর উদ্দীন জাহাঙ্গীর বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। সংগঠনের নীতি ও আদর্শ অনুসরণ করে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘কর্ণফুলী উপজেলাতে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে, সরকারি দলের সাথে সমন্বয় করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া, আগামী দুই বছর যাতে আমরা এলাকার সর্বাত্মক উন্নয়ন সাধন করতে পারি তা চেষ্টা করব।’

উপজেলা আমির নির্বাচনের খবরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে মাস্টার নুর উদ্দীন জাহাঙ্গীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উপজেলা জামায়াতের নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন। একই সাথে তার নেতৃত্বে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, নবনির্বাচিত আমিরের নেতৃত্বে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে।