
সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তারা দেশে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সাথে প্রবাসীদের বৈধ সম্পত্তি যাতে কেউ অন্যায়ভাবে দখল করতে না পারে, সে বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
গত শুক্রবার রাতে সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ব্র্যাক আয়োজিত ‘জড়ড়ঃং ধহফ জড়ঁঃবং: ইধহমষধফবংয’ং ঢ়ৎবংবহঃ ্ ভঁঃঁৎব ধহফ পড়হঃৎরনঁঃরড়হ ড়ভ টক সরমৎধহঃং’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংসদীয় দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যর ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশে’র চেয়ার ও পপলার অ্যান্ড লাইমহাউজের এমপি আফসানা বেগম।
প্রতিনিধিদলে আরো ছিলেন লর্ড কুরবান হুসাইন ও শওকত আদম এমপি।
গোলটেবিল বৈঠকে সিলেটের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় আফসানা বেগম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি বংশোদ্ভূতরা বিভিন্ন সময়ে তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে সিলেটে প্রবাসীদের জমি দখল এবং বিমানবন্দরে হয়রানির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সিসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালু, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন দাবিও তুলে ধরেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে বাংলাদেশের চারজন সদস্য রয়েছেন, যা আমাদের জন্য গর্বের। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। নারীরা যাতে শিক্ষকতা পেশায় আসতে পারেন, সে জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ তৈরি করা হয়েছিল। এর মধ্য দিয়ে নারী শিক্ষা ও ক্ষমতায়নের একটি নতুন যাত্রা শুরু হয়।
সিলেটে বসবাসকারী ও প্রবাসীদের যাতায়াতের সুবিধার কথা তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সমস্যা সমাধানে সরকার প্রকল্প গ্রহণ করেছে। রানওয়ের সমস্যা সমাধান হলে লন্ডন-সিলেট রুটে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুরও চেষ্টা করা হবে। এতে প্রবাসীরা উপকৃত হবেন এবং সিলেট থেকেই সরাসরি যুক্তরাজ্যে যাতায়াতের সুযোগ আরো বাড়বে। বিমানবন্দরে যাতে প্রবাসীরা কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রবাসীদের বৈধ জমি যাতে কেউ দখল করতে না পারে, সে বিষয়েও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রবাসীদের জমি দখল কিংবা জমিসংক্রান্ত কোনো সমস্যা হলে প্রশাসন তাদের পাশে থাকবে। এ ধরনের অভিযোগ সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ডা. চৌধুরী মো: জাবের সাদেক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালা, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ, ইউকেবিইটির কমিউনিকেশন অফিসার তুহফা হুসাইন নোভা, এমবিসিওএসের প্রতিনিধি নুরুল আমিন এবং ব্র্যাকের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








