তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে তিন দিনের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
তরুণ ক্রিকেটার ও জাতীয় দলের বিকল্প খেলোয়াড়দের দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ বাড়াতেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগে তিন দিনের ম্যাচ। প্রথম রাউন্ডে খেলেছে রংপুর-সিলেট, ময়মনসিংহ-রাজশাহী, খুলনা-ঢাকা এবং বরিশাল-চট্টগ্রাম। ম্যাচগুলো বিকেএসপির তিনটি মাঠ এবং পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে। পরবর্তী রাউন্ডগুলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ক্রিকেটার্স ক্রিকেট অ্যাকাডেমি ও জামালপুর জেলা স্টেডিয়ামে। 
দু’টি দীর্ঘ সংস্করণের প্রতিযোগিতা একই সময়ে চালু হওয়ায় মাঠের ওপর চাপ বেড়েছে। বাস্তবতা তুলে ধরেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ‘আসলে আমরা একটা নতুন দিনের শুরু করেছি, একটা নতুন কাঠামো শুরু করেছি। বর্তমান বোর্ড ঘরোয়া ক্রিকেটকে পুনর্গঠন করার জন্য সবাই মিলে কাজ করছে। শুরুতে আসলে আমাদের কিছু সমস্যা আছে। দুইটা দীর্ঘ সংস্করণের ক্রিকেট একসাথে চালু করা বাংলাদেশ ক্রিকেটে অতীতে হয়নি। যে কারণে এটা চালু করতে গিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, মাঠ নিয়ে কিছু সমস্যা হচ্ছে। পাশাপাশি আবাসনের একটা সমস্যা আছে। সবগুলো নিয়ে আমরা কাজ করছি।’
বিসিবির পরিকল্পনায় দ্বিতীয় একাদশের এই আসর মূলত খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে রাখার একটি নতুন প্ল্যাটফর্ম। মাঠ ও আবাসন সঙ্কটের বিষয়টি স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন, ‘আমরা কিছু সমস্যা চিহ্নিত করেছি, সেসব নিয়ে কাজ করছি। আমাদের বোর্ড সভাপতিও (তামিম ইকবাল) গতকাল কথা বলেছেন। আমরা আশা করছি, যে সমস্যা যখনই হবে, আমরা সেটা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেব এবং এগুলো সমাধানের চেষ্টা করব।’

Advertisement