
আলজাজিরা
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাগামহীন হওয়ার পেছনে চলমান ইরান সঙ্ঘাতকে দায়ী না করে ডেমোক্র্যাট দল এবং ইউক্রেনকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় তিনি দাবি করেন, ক্যালিফোর্নিয়ার মতো ডেমোক্র্যাটশাসিত অঙ্গরাজ্যগুলোতে অভ্যন্তরীণ তেল শোধনাগার বন্ধ হওয়া এবং রাশিয়ার শোধনাগারগুলোতে ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক হামলার কারণেই বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়ছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প উল্লেখ করেন, পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির সাথে হরমুজ প্রণালীর সঙ্কটের আর কোনো সম্পর্ক নেই, কারণ ওই পথ দিয়ে প্রতিদিন রেকর্ড পরিমাণ তেল পরিবাহিত হচ্ছে। তার মতে, মূল সঙ্কটের জায়গা হলো তেল শোধনাগারগুলো; যেখানে এক দিকে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার শোধনাগার ধ্বংস হচ্ছে, অন্য দিকে ডেমোক্র্যাটদের পলিসির কারণে ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যে মার্কিন শোধনাগারগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। তবে মার্কিন রাষ্ট্রপ্রধানের এ বক্তব্যের সাথে বাস্তবের বাজারচিত্রের বিস্তর ফারাক রয়েছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সাময়িক পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের দৈনন্দিন প্রবাহ প্রায় ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে, যার প্রভাবে বৈশ্বিক বাজারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








