
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, হিন্দু সম্প্রদায় নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বাভাবিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হবে।
গতকাল সোমবার দুর্গাপূজা উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসন আয়োজিত মন্দিরে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছালেহ আহমদ।
সংসদ সদস্য বলেন, বাউফলের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় রীতি ও উৎসব পালন করবেন। ইসলাম অন্য ধর্মের মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর শিক্ষা দেয়। তাই নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে হবে। শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় উপজেলার ৬৫টি মন্দিরের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বরাদ্দ দিয়েছে। পরে এসব চাল বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








