
চরফ্যাসন সংবাদদাতা
ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: মহিউদ্দিন পোদ্দারকে ডিবি (ডিটেক্টিভ ব্র্যাঞ্চ) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোলার চরফ্যাসন উপজেলার শরীফ পাড়া এলাকা থেকে তাকে তুলে নেয়া হয়। ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, মহিউদ্দিন পোদ্দার চরফ্যাসনের শরীফ পাড়ায় তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
গতকাল দিনের বেলা ওই বাসার সামনে অবস্থানকালে ডিবি পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি একটি গাড়ি নিয়ে এসে আকস্মিকভাবে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা চরফ্যাসন থানায় যোগাযোগ করেন।
তবে থানা থেকে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি এবং তাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছে। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে খোঁজ নেয়া হলেও সেখান থেকে জানানো হয় যে, এই নামের কাউকে তাদের কোনো টিম আটক বা গ্রেফতার করেনি।
কোনো সংস্থাই তাকে আটকে রাখার বিষয়টি স্বীকার না করায় নিখোঁজ মহিউদ্দিন পোদ্দারের পরিবারের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।









