আওয়ামী লীগ, শেখ হাসিনা
মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা এবং (ডানে) গ্রেফতার দুইজন। সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকারকে আটক করেছে থানা পুলিশ। 

Advertisement

আটক করার বিষয়টি শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: শহিদুল ইসলাম শহীদ (৪৩) ও নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: আব্দুল জলিল সরকার (৫০)।

তার আগের দিন বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই মাঠে নামে মান্দা থানা পুলিশ। উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো: আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে- এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। বৃহস্পতিবার রাতে এ ভিডিও জেলা পুলিশের নজরে আসামাত্রই জেলা পুলিশ কাজ শুরু করে। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা বিষয়টি জানে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে। সেইসাথে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জেলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা, কর্মী কিংবা সমর্থকরা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির করার চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা বলে হুঁশিয়ারী দেন এই কর্মকর্তা।