সংক্ষিপ্ত সংবাদ


ধর্ষণ মামলায় যাবজ্জীবন
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ  নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার নথি সূত্রে জানা যায়, রাজিব কুমার ঘোষকে দোষী সাব্যস্ত করে আদালত এ সাজা দেন। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদাহ এলাকার শ্রী জয় ঘোষের ছেলে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া প্রতিনিধি।

Advertisement

পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং অপরজন ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যান। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন উপজেলার এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো: কালাম (৪৫) এবং চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদ উল্লাহ (৭০)। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন। স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মো: কালাম নিজের জমিতে সার ও কীটনাশক ছিটাচ্ছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে আকস্মিক নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সংবাদদাতা।

স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বিষয়ক অনুষ্ঠান
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাবিষয়ক ধাত্রী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ এবং চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম ভবনে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদ  এবং চিকিৎসা উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) তাহমিনা আপলোজ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রশিক্ষকরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, ব্যাগ, পুনঃব্যবহারযোগ্য গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডবুক, অ্যাপ্রোন ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি, (খাগড়াছড়ি) সংবাদদাতা।

উৎপাদনে ফিরল সিইউএফএল
দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) আবারও উৎপাদনে ফিরেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন  ফের শুরু হয়। সিইউএফএল সূত্র জানায়, দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করার পর পর্যায়ক্রমে ইউরিয়া প্ল্যান্ট চালু করা হয়। তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে কারিগরি ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা।

চোলাই মদসহ বাবা-ছেলে আটক
গলাচিপায় ড্রামভর্তি ১৩৫ লিটার দেশীয় চোলাই মদসহ বাবা-ছেলেকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪নং ওয়ার্ড গ্রামর্দ্দন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো: আল আমিন মীর (৫০) এবং তার ছেলে মো: রাব্বি মীর (৩০)। এ সময় রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রি হয়ে আসছিল। সোমবার স্থানীয় এলাকাবাসী তাদের বাড়িতে মাদক থাকার সন্দেহে তল্লাশি করলে একপর্যায়ে বাড়িসংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশে মাটির নিচে ড্রাম দেখতে পান। পরে ড্রামের ভেতর বিপুল পরিমাণ চোলাই মদ পাওয়া যায়। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

দেয়াল ধসে যুবকের মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় পুরনো একটি দোকান ভাঙার সময় দেয়াল ধসে মো: শাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে নগরকান্দা অডিটোরিয়ামের পাশে জাফর মেম্বারের দোকান ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান ভাঙার সময় হঠাৎ একটি দেয়াল ধসে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় নেয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ঢেউখালী ইউনিয়নের মোল্লা ডাঙ্গী গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো: মহিউদ্দিন সিকদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা নিজ বাড়ি থেকে ভ্যানযোগে ঢেউখালী ইউনিয়নের মোল্লা গ্রামে তার ভগ্নিপতি মো: রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির সংলগ্ন শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত জামিলাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা।

চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট স্থগিত 
শ্রমিকদের ওপর হামলা, মহাসড়কে বাস আটকে রাখা এবং অবৈধ থ্রি-হুইলার চলাচলের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। ফলে গতকাল মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ লোকাল রুটসহ দূরপাল্লার সব রুটে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়ায় একটি অবৈধ ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। পরবর্তীতে দামুড়হুদার ফকিরপাড়ায় ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সাথে লোকাল বাস শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এরই প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে জেলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন। একই সাথে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে দূরপাল্লার বাস বন্ধের হুঁশিয়ারিও দিয়েছিল বাস-মিনিবাস মালিক গ্রুপ। চুয়াডাঙ্গা প্রতিনিধি।