
পার্বত্য অঞ্চলে পর্যটনের আধুনিকায়ন, কফি-কাজুবাদাম চাষের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এডিপিতে মোট ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানানো হয়।
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, সাজেকসহ পার্বত্য অঞ্চলের টেকসই পর্যটনের জন্য পরিকল্পিত পার্কিং ও ওয়াশরুম সুবিধা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলের জন্য পাহাড়ে কফি, কাজুবাদাম ও লাল মাশরুম চাষ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের আওতায় এনে সমতলের সমকক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া পাহাড়ে সুপেয় পানি সরবরাহ, সৌরবিদ্যুৎ স্থাপন ও দুর্যোগ মোকাবিলায় পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।









