সিম ক্লোন করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৯

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুই ব্যবসায়ীর তিনটি ব্যবসায়িক সিম ক্লোন করে বিকাশ ও নগদের দুই লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম জব্দ এবং আত্মসাৎ করা ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জামিরুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ জানায়, গত ২৭ জুন ভোর ৫টা থেকে সকাল ৭টা ২১ মিনিটের মধ্যে চিলা বাজারের বিকাশ ও নগদ ব্যবসায়ী সেলিম শেখের দু’টি এবং বিকাশ ব্যবসায়ী বিপ্লব মণ্ডলের একটি সিম ক্লোনকৃত ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে উত্তোলন করা হয়। পরে সিমগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয়টি বিকাশ ও নগদ নম্বরে ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ১ জুলাই মোংলা থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে মামলার দিন মোংলার মামার ঘাট এলাকা থেকে ইয়াছিন সওদাগর ও শামীম শেখকে গ্রেফতার করা হয়। পরে ২২ সেপ্টেম্বর বাগেরহাট সদর ও ফকিরহাটে অভিযান চালিয়ে আরো দু’জন এবং র‌্যাবের সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ফোন ও সিমে আর্থিক লেনদেনের তথ্য ও নমুনা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মামলার তদন্ত চলছে। সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement