ঢাকার সাথে দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনায় প্রস্তুত দিল্লি : রণধীর জয়সওয়াল

 কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। একই সাথে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে থেকে ঢাকার সাথে সব ধরনের দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করতে দিল্লি প্রস্তুত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ভারতের গণমাধ্যমের খবরের বরাত দিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হতে যাওয়া পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের অ্যাগ্রিমো অনুমোদন দ্বিপক্ষীয় সম্পর্ক আবারো স্বাভাবিক ধারায় ফেরার ইঙ্গিত কি না? জবাবে জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি, ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। আমাদের বর্তমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভেতরে থেকেই আমরা সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছি। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক উপায়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
ভারতে আয়োজিত আসন্ন বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ ঢাকা-দিল্লি সম্পর্কের উন্নতির লক্ষণ কি না- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল আবারো বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই।’
নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কোনো বৈঠক হবে কি না- জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশী প্রতিনিধিদলের সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে আপনাদের তা জানাব।