ইউনিভার্সিটি স্টাডি ফোরাম
ইউনিভার্সিটি স্টাডি ফোরামের মতবিনিময় সভা। সংগৃহীত

জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক বা পেশাগত দক্ষতা অর্জন করলেই একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; এর সাথে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয় অপরিহার্য।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ইউনিভার্সিটি স্টাডি ফোরাম (ইউএসএফ), ঢাকা মহানগরী উত্তরের নর্দান-সাউর্দান জোনের উদ্যোগে সমন্বিত চিন্তাধারা বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ইউএসএফ ঢাকা মহানগরী উত্তরের নর্দান-সাউর্দান জনের সভাপতি ড. একরাম উদ্দিন সুমনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জোনের সেক্রেটারি মো: রুহুল আমিন বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের এমপি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি স্টাডি ফোরামের উপদেষ্টা মাহফুজুর রহমান ও প্রফেসর আসদুস সামাদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হাসান ও প্রফেসর এ বি এম ফজলুল করিম। এছাড়া ড. আবু মুসা ইব্রাহীম সালেহীন, মোজাম্মেল হক, আব্দুল মতিন, রবিউল ইসলাম, মাহমুদুল হাসান, প্রফেসর জাকির হোসেন, ড. রাশিদুল ইসলাম, ড. শাহিদুজ্জামান, মোশারফ হোসেনসহ ইউনিভার্সিটি স্টাডি ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা বলেন, ‘শুধু পেশাগত দক্ষতা দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে না। এর সাথে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বিত চর্চা প্রয়োজন।’ এসময় বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার পাশাপাশি সমন্বিত ও ইতিবাচক চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, ‘নাগরিক সমাজ ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা গেলে সমাজের বিভিন্ন সঙ্কট মোকাবেলায় নতুন ও কার্যকর পথ বের করা সম্ভব। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের পারস্পরিক মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ আলোচক প্রফেসর আসদুস সামাদ বলেন, ‘আধুনিক জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও মূল্যবোধের সমন্বয়ই টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি।’ এসময় তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. একরাম উদ্দিন (সুমন) অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ইউনিভার্সিটি স্টাডি ফোরাম ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও জ্ঞানচর্চামূলক আয়োজন অব্যাহত রাখবে।’