মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা। সংগৃহীত
ads

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক মধুর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিনেটে বক্তব্য দেয়ার সময় ছয় মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে উপস্থিত হন সিনেটর ফাতিমা পেম্যান। এ সময় তার পেছনে বসা সহকর্মী সিনেটর লিডিয়া থর্প শিশুটির সাথে খেলায় মেতে ওঠেন।

২৪ ও ২৫ নভেম্বর সিনেটের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বক্তব্য চালিয়ে যাওয়ার সময় পেছনের আসন থেকে শিশুটির দিকে নানা মজার মুখভঙ্গি করেন লিডিয়া থর্প।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যানকে বক্তব্য দেয়ার সময় মেয়ে আলিয়াকে বুকের সাথে জড়িয়ে কোলে ধরে থাকতে দেখা যায়। পেছনে বসে লিডিয়া থর্পের মজার অঙ্গভঙ্গি শিশুটিকে আনন্দিত করে তোলে। পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে এ দৃশ্যটি আলাদা করে নজর কাড়ে।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই দৃশ্যটির প্রশংসা করেছেন। সন্তানকে দেখাশোনার পাশাপাশি একজন মায়ের পেশাগত দায়িত্ব পালনের মুহূর্তটি তাদের ভালো লেগেছে।

অনেক দেশের আইনসভার তুলনায় অস্ট্রেলিয়ার সিনেটে আইনপ্রণেতাদের শিশুদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশের সুযোগ রয়েছে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশনে অংশ নেয়ার সময় নিজেদের শিশুর যত্ন নিতে এবং প্রয়োজনে অল্প সময়ের জন্য দুধ পান করাতে পারেন।

অল্পবয়সি সন্তানদের কাছ থেকে আলাদা না হয়েও যাতে অভিভাবকেরা পার্লামেন্টের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা রাখা হয়েছে।

পার্লামেন্টে দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে আরো একটি বিশেষ পরিচিতি রয়েছে ফাতিমা পেম্যানের। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর, যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। 

সূত্র : এনডিটিভি