ব্রাহ্মণপাড়ায় সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী আবু বকর সিদ্দিকের গণসংযোগ
গণসংযোগকালে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যানপ্রার্থী আবু বকর সিদ্দিক। নয়া দিগন্ত
ads

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক এলাকায় গণসংযোগ শুরু করেছেন। যোগ্যতা, অভিজ্ঞতা ও নতুন উন্নয়ন ভাবনার সমন্বয়ে ‘নতুন মুখ, নতুন আশা’ স্লোগান সামনে রেখে তিনি গণসংযোগ শুরু করেছেন। কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নের মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর কর্মসূচি হাতে নিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি গণসংযোগ শুরু করেন। 

গণসংযোগে কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন। পাশাপাশি স্থানীয়দের সাথেকুশল বিনিময় ও এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি একটি পদ বা পরিচয়ের জন্য নয়, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে সদর ইউনিয়নের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হতে চাই। আমার কাছে দল-মত, ধর্ম-বর্ণ কিংবা সামাজিক অবস্থানের কোনো ভেদাভেদ নেই। ইউনিয়নের প্রতিটি মানুষই সমান মর্যাদা ও নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন। নির্বাচিত হলে সবার মতামত, সহযোগিতা ও অংশগ্রহণে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক সদর ইউনিয়ন গড়ে তুলতে চাই।’

নিজের কর্মসংস্থান পরিকল্পনা তুলে ধরে আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও ব্যবসায়িক যোগাযোগকে কাজে লাগিয়ে ইউনিয়নের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ উদ্যোগ নেব। প্রত্যেকের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে শতভাগ প্রচেষ্টা চালাব। শুধু চাকরি নয়, তরুণদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কার্যকর ভূমিকা রাখতে চাই।’

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে তার পরিকল্পনার বিষয়ে এ চেয়ারম্যানপ্রার্থী বলেন, ‘সদর ইউনিয়নের প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মক্তব, মন্দিরসহ সব ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ইউনিয়নের প্রতিটি মসজিদ, মক্তব ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের বাইরেও নিজস্ব উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে সমন্বয় করে দায়িত্বশীলদের জন্য সুনির্দিষ্ট সম্মানীর ব্যবস্থা গড়ে তুলতে চাই। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো যেন আর্থিক সংকটের কারণে পিছিয়ে না থাকে, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করব।’

স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ে আবু বকর সিদ্দিক বলেন, ‘ইউনিয়নের মানুষের জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে একটি সমন্বিত ও এক্সক্লুসিভ পরিকল্পনা রয়েছে। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, জরুরি স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতায় কার্যকর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপদ পরিবেশ ও নাগরিক সেবার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দেয়া হবে।’

ইউপি চেয়ারম্যানপ্রার্থী আবু বকর সিদ্দি বলেন, ‘ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আস্থা ও অধিকার প্রতিষ্ঠার জায়গা। সরকারি ভাতা, উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা প্রদানে স্বজনপ্রীতি, অনিয়ম ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে সাথেনিয়ে কাজ করতে চাই। আমার স্বপ্ন, সদর ইউনিয়নের প্রতিটি গ্রাম হবে উন্নয়নের অংশীদার এবং প্রতিটি মানুষ অনুভব করবেন যে ইউনিয়ন পরিষদটি তাঁদেরই।’

তিনি জানান, ‘নতুন মুখ, নতুন আশা’ এ প্রত্যয়কে সামনে রেখে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক সম্প্রীতির সমন্বয়ে একটি জনবান্ধব সদর ইউনিয়ন গড়ার স্বপ্নই তার প্রচারণার মূল বার্তা।

লিফলেটে দেয়া পরিচিতি অনুযায়ী ইউপি চেয়ারম্যানপ্রার্থী আবু বকর সিদ্দিক ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের বাসিন্দা। তিনি একজন উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক। তার বাবা মাওলানা আব্দুল বাতেন কালামুড়িয়া জামে মসজিদের খতিব এবং মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

শিক্ষাজীবনে তিনি সুলতানপুর কামিল মাদরাসা থেকে দাখিল এবং দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় এ প্লাস অর্জন করেন। পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অর্জন করেন। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি লাম ইন্টারন্যাশনাল ও ডংগিলা ফার্নিশিংয়ের ব্যবস্থাপনা পরিচালক, আলিফ ট্রেডিংয়ের চেয়ারম্যান এবং এ বি এস টেক্সা ফ্যাক্সের সিইও ও প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দা, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সমৃদ্ধ ব্রাহ্মণপাড়া, সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সদর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।