ছারপোকা,  বাতিল,  কোয়ান্টাস, ফ্লাইট
কোয়ান্টাসের ফ্লাইট। সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাসের ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। উড়োজাহাজটিতে ছারপোকার উপদ্রব দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১৩ অক্টোবর) জানায়, শুক্রবার পার্থ থেকে রোমগামী প্রায় ১৭ ঘণ্টার ফ্লাইটে কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ছারপোকা তাদের কামড়াচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ড এ খবর জানিয়েছে। কামড়ের চুলকানি কমাতে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেয়া হয়। তবে একপর্যায়ে ওষুধের মজুতও ফুরিয়ে যায় বলে জানা গেছে।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ভালোভাবে পরিষ্কার করার জন্য বসিয়ে রাখা হয়। বিবিসিকে কোয়ান্টাসের এক মুখপাত্র বলেন, ‘শনিবারের রোম থেকে পার্থগামী ফ্লাইট বাতিল হওয়ায় আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইকোনমি শ্রেণির কয়েকটি আসনে সমস্যা শনাক্ত হওয়ার পর উড়োজাহাজটি ভালোভাবে পরিষ্কার করতে প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে সময় দেয়ার জন্য ফ্লাইটটি বাতিল করা হয়।’

সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত সব যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের নির্ধারিত যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে আসন দেয়া হয়।

ছারপোকা ডানাহীন ছোট পরজীবী। কাপড়, আসবাব ও বিছানায় এরা বাসা বাঁধতে পারে। এদের কামড়ে চুলকানি হলেও সাধারণত গুরুতর স্বাস্থ্যসমস্যা হয় না। তবে ছারপোকা দূর করা কঠিন ও খরুচে ব্যাপার। বিছানার চাদর, পোশাক ও পর্দার মতো জিনিস গরম পানিতে ধুয়ে শুকাতে হয়। বিকল্প হিসেবে এসব জিনিস প্লাস্টিকের ব্যাগে ভরে তিন থেকে চার দিন ফ্রিজারে রাখা যায়।

যানবাহনে ছারপোকার উপদ্রব নতুন নয়। দুই সপ্তাহেরও কম আগে ইংল্যান্ডে সাউদার্ন রেলওয়ের কয়েকটি ট্রেন চলাচল বাতিল হয়। চালকেরা তাঁদের কেবিনে ছারপোকা দেখতে পেয়েছিলেন। ২০১৭ সালে ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী ফ্লাইটে ছারপোকার কামড়ে একটি পরিবারের সদস্যরা আক্রান্ত হওয়ায় ক্ষমা চেয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ। গত বছর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তুর্কি এয়ারলাইনসের উড়োজাহাজে একাধিকবার ছারপোকার উপদ্রবের কথা উঠে আসে। এ বিষয়ে ব্যবস্থা না নেয়ার অভিযোগও উঠেছিল সংস্থাটির বিরুদ্ধে।