শুটকি
শুটকির বাজার। নয়া দিগন্ত
ads

নেত্রকোনার মোহনগঞ্জ হাওরাঞ্চলে দিন দিন বিস্তৃত হচ্ছে শুঁটকি মাছের ব্যবসা। একসময় পারিবারিক উদ্যোগে সীমিত পরিসরে শুঁটকি তৈরি হলেও এখন তা পরিণত হয়েছে সম্ভাবনাময় শিল্পে। জেলার সাতটি উপজেলায় অন্তত ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের জীবিকার অন্যতম উৎস হয়ে উঠেছে শুঁটকি উৎপাদন ও বিপণন। এ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন ভাটি অঞ্চলের প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ।

মোহনগঞ্জ  মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, নেত্রকোনায় বছরে শুঁটকি উৎপাদিত হয় ৪৬১ দশমিক ৮৭ মেট্রিক টন। এর মধ্যে শুধু মোহনগঞ্জ উপজেলা থেকেই উৎপাদিত হয় ১৩৫ দশমিক ৩ টন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরীসহ হাওর অধ্যুষিত সাতটি উপজেলায় গড়ে উঠেছে দুই শতাধিক শুঁটকির আড়ত। এসব আড়তকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক।

এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের শুঁটকি। এর মধ্যে বোয়াল, শোল, টেংরা, চিংড়ি ও গজার মাছের শুঁটকির চাহিদা রয়েছে বেশ। তবে বিশেষ প্রক্রিয়ায় মাটির হাঁড়িতে সংরক্ষণ করা চ্যাপা শুঁটকি রয়েছে ক্রেতাদের পছন্দের শীর্ষে। স্থানীয়ভাবে উৎপাদিত এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

প্রতি বুধবার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাটায় বসে শুঁটকির বিশাল সাপ্তাহিক হাট। ভোর থেকেই হাটে শুরু হয় শুঁটকি কেনাবেচার ব্যস্ততা। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের অন্তত ২০ থেকে ২৫টি জেলা থেকে পাইকাররা এখানে আসেন। তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে শুঁটকি কিনে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেন। চাহিদা অনুযায়ী দেশের বাইরেও যাচ্ছে এ অঞ্চলের শুঁটকি।

স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম রাজন জানান, প্রকারভেদে প্রতি কেজি শুঁটকি ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। হাওরের মাছের শুঁটকির স্বাদ ও গুণগত বৈশিষ্ট্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এর ভালো চাহিদা রয়েছে।

তবে সম্ভাবনাময় এ খাতের সামনে রয়েছে নানা প্রতিবন্ধকতা। ব্যবসায়ীদের অভিযোগ, শুঁটকি সংরক্ষণের জন্য স্থায়ী হিমাগার না থাকায় অনেক সময় উৎপাদিত মাছ দীর্ঘদিন মানসম্মতভাবে সংরক্ষণ করা সম্ভব হয় না। এতে ব্যবসায়ীরা আর্থিক ঝুঁকিতে পড়েন। প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক সংরক্ষণব্যবস্থার অভাবে এ খাত কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না।

ব্যবসায়ী সুবল সরকার বলেন, ‘স্থায়ীভাবে শুঁটকি সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় ব্যবসার সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। এ খাতের উন্নয়নে আধুনিক সংরক্ষণাগার ও সরকারি সহযোগিতা প্রয়োজন।’

মোহনগঞ্জ  মৎস্য কর্মকর্তা অনিক রহমান বলেন, ‘নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনের লক্ষ্যে জেলেদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাশাপাশি শুঁটকির বাজার তদারকিও করা হচ্ছে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, হাওরাঞ্চলে শুঁটকি উৎপাদনের আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ, স্থায়ী হিমাগার ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে এ খাতের আরও সম্প্রসারণ সম্ভব।