
সম্প্রতি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেছেন যে, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ শুক্রবার (৭ নভেম্বর) রাতে জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার লক্ষ্যে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে। অদ্যাবধি তার সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
এমতাবস্থায়, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
একইসাথে রীতা রানীকে কেউ চিনে থাকলে অথবা তার পরিচয়, অবস্থান কিংবা উক্ত ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে অফিসার ইনচার্জ, মিরপুর মডেল থানা অথবা উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপি’কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








