জাতীয় সংসদ গ্রন্থাগারে সাব-কমিটির প্রথম বৈঠক
জাতীয় সংসদ গ্রন্থাগারে সাব-কমিটির প্রথম বৈঠক। সংগৃহীত

জাতীয় সংসদের পাঁচটি স্থায়ী কমিটিতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক পাঁচজন জুনিয়র কনসালটেন্ট নিয়োগের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ নম্বর সাব-কমিটি। পাশাপাশি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতেও একজন জুনিয়র কনসালটেন্ট নিয়োগের সুপারিশ করা হয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ গ্রন্থাগারে সাব-কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক ডা: মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন অংশ নেন।

বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে পাঁচজন জুনিয়র কনসালটেন্ট নিয়োগের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন মূল কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সাব-কমিটি পাঁচজন জুনিয়র কনসালটেন্টকে সংশ্লিষ্ট পাঁচটি স্থায়ী কমিটিতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করে। পরে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ রাখার বিষয়েও সুপারিশ করা হয়।

নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তিনজন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব বা পরিচালক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বহিরাগত বিশেষজ্ঞের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

বৈঠকে নিয়োগ কার্যক্রম আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্পন্ন করার পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান নিজস্ব নিয়োগ পদ্ধতিতে এসব পদে নিয়োগ দেয়া সম্ভব কি-না, সে বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।