তাহসিফ সাউরি, তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য, রাওয়ার তদন্তের দাবি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা, কে এম এনায়েতুল করিম, আবু নওরোজ খুরশিদ আলম
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আলম। সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া।

Advertisement

শনিবার উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা।

দুপুরে সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, ‘তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তারা সেখানে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি এ ঘটনায় তাদের কোনো সহায়তার প্রয়োজন আছে কি না, তা জানতে চেয়েছেন।’

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সাথে কথা হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘এই অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কী কী করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি। উনি আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছেন। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।’

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কাছে তাহসিফের মৃত্যুর ঘটনাটি কষ্টকর উল্লেখ করে আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘আমরা আশা করি, খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী বন্দোবস্ত গ্রহণ করবেন। দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

তিনি জানান, ‘রাওয়ার পক্ষ থেকে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা বলা হয়েছে।’

আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, ‘এ ঘটনাকে আমরা ছেড়ে দেবো না। আমরা দেখবো, মনিটর করবো কিভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।’