সৌদি আরবের নতুন কর, ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স, বহুজাতিক কোম্পানি, ১৫ শতাংশ কার্যকর কর, জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি, ২০২৭ সালের করনীতি, বৈশ্বিক ন্যূনতম কর, ওইসিডি পিলার টু
সন্ধ্যার আলোয় সৌদি আরবের রাজধানী রিয়াদ শহর। সংগৃহীত
ads

সৌদি আরব ১ জানুয়ারি ২০২৭ থেকে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর 'ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স' (দেশীয় ন্যূনতম সম্পূরক কর) চালু করবে। এর মাধ্যমে দেশটিতে যোগ্য গোষ্ঠীগুলোর অর্জিত মুনাফার ওপর অন্তত ১৫ শতাংশ কার্যকর কর হার নিশ্চিত করা হবে।

জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি (জ্যাটকা) বৃহস্পতিবার এই পদক্ষেপের ঘোষণা দিয়ে জানায়, সৌদি আরবের কর রাজস্ব সুরক্ষিত রাখা এবং এর বিধিবিধানকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেই এটি নেওয়া হয়েছে।

যেসব বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো বা সৌদি রিয়ালে এর সমপরিমাণ অর্থ, এই কর কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

যোগ্যতা অর্জনের জন্য, চূড়ান্ত মূল কোম্পানির (আল্টিমেট প্যারেন্ট কোম্পানি) সমন্বিত আর্থিক বিবৃতির ভিত্তিতে কর প্রযোজ্য হওয়ার আগের চারটি আর্থিক বছরের মধ্যে অন্তত দুটিতে গোষ্ঠীটিকে ওই আয়সীমা পূরণ করতে হবে।

নতুন এই কর কারা দেবেন?
জ্যাটকা স্পষ্ট করেছে, এই পদক্ষেপ সৌদি আরবে পরিচালিত সব ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এটি কেবল বৃহৎ বহুজাতিক গোষ্ঠীগুলোর যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে; যেসব প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে দেশীয়, আন্তর্জাতিকভাবে পরিচালিত নয় বা এসব নিয়মের আওতাভুক্ত কোনো বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, সেগুলো এর আওতার বাইরে থাকবে।

ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স (ডিএমটিটি) এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যোগ্য বহুজাতিক গোষ্ঠীগুলোর সৌদি আরবে উৎপন্ন মুনাফার ওপর অন্তত ১৫ শতাংশ কার্যকর হারে কর আরোপ করা যায়।

কার্যকর কর হার ওই নির্ধারিত সীমার নিচে নেমে গেলে, প্রযোজ্য নিয়ম সাপেক্ষে তা প্রয়োজনীয় ন্যূনতম মাত্রায় উন্নীত করতে অতিরিক্ত কর আদায় করা হতে পারে।

কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, ১৫ শতাংশের এই সীমা মুনাফার কার্যকর কর আরোপের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো কোম্পানির মোট আয়ের ওপর নয়।

৭৫০ মিলিয়ন ইউরোর হিসাবটি নির্ধারণ করে যে কোনো বহুজাতিক গোষ্ঠী এই নিয়মের আওতায় পড়বে কি না; টপ-আপ ট্যাক্স বা সম্পূরক কর এই অর্থের ওপর গণনা করা হয় না।

বৈশ্বিক ন্যূনতম কর সংস্কারের অংশ
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এবং জি২০-এর যৌথ উদ্যোগে তৈরি বৈশ্বিক কর চুক্তির 'পিলার টু' (দ্বিতীয় স্তর)-এর অধীনে বৃহৎ বহুজাতিক ব্যবসাগুলোর জন্য ন্যূনতম করের মাত্রা নির্ধারণের বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এ কাঠামোটি তৈরি করা হয়েছে যাতে বহুজাতিক কোম্পানিগুলো কম কর হারযুক্ত এখতিয়ারগুলোতে (জুরিসডিকশন) মুনাফা স্থানান্তর করতে নিরুৎসাহিত হয়।

ওইসিডি-র 'গ্লোবাল অ্যান্টি-বেস ইরোশন' নিয়মের অধীনে, কোনো এখতিয়ারে যোগ্য বহুজাতিক গোষ্ঠীগুলোর কার্যকর কর হার ১৫ শতাংশের নিচে নেমে গেলে সাধারণত তাদের অতিরিক্ত কর পরিশোধ করতে হয়।

ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স দেশগুলোকে নিজেদের এখতিয়ারের ভেতরে উৎপন্ন যোগ্য মুনাফার ওপর অতিরিক্ত কর আদায়ের সুযোগ দেয়, যা তাদের কর ভিত্তি সুরক্ষিত রাখতে সহায়তা করে।

সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রটি তার আওতাভুক্ত বহুজাতিক গোষ্ঠীগুলোর স্থানীয়ভাবে উৎপন্ন মুনাফার ওপর প্রযোজ্য অতিরিক্ত কর আদায় করতে পারবে, অন্য এখতিয়ারগুলোর হাতে কর আদায়ের ওই অধিকার ছেড়ে দেওয়ার বদলে।

কর ন্যায্যতা জোরদার করা, সরকারি রাজস্ব সুরক্ষিত রাখা এবং সৌদি আরবের কর কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যে সামঞ্জস্য বাড়ানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রভাবিত ব্যবসাগুলোর জন্য নির্দেশনা
নতুন এই করের আওতায় পড়তে পারে এমন বহুজাতিক ব্যবসাগুলোকে জ্যাটকা তাদের দাফতরিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য উৎসাহিত করেছে। সূত্র  : গালফ নিউজ