
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ও পাইলট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ-পুলিশের মূল তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্তের অংশ হিসেবে ঘটনার রাতে তাহসিফের সাথে থাকা তার পরিচিত ও বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে তথ্য সংগ্রহের জন্য পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেয়া হয়েছে।
এছাড়া টঙ্গী পশ্চিম থানা এলাকার মাজার বস্তি সংলগ্ন নদীর তীর থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেটি তাহসিফের নিখোঁজ মোটরসাইকেল কি না, তা যাচাই করা হচ্ছে।
শুক্রবার পিবিআইয়ের মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, ঘটনার দিন রাতে তাহসিফ ও তার বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপ একসাথে ছিলেন। সেদিন রাতে তারা কোন কোন এলাকায় গিয়েছিলেন এবং কোথায় অবস্থান করেছিলেন, সে-সংক্রান্ত তথ্য জানতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে দ্বীপের দেয়া তথ্যের সত্যতা ও ধারাবাহিকতা যাচাই-বাছাই করা হচ্ছে।
পিবিআই জানিয়েছে, বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মৃত্যুর মূল মামলাটি নৌ-পুলিশ তদন্ত করছে। তবে ঘটনার সংবেদনশীলতা ও জাতীয় গুরুত্ব বিবেচনায় নৌ-পুলিশকে সহযোগিতার অংশ হিসেবে পিবিআইসহ পুলিশের অন্যান্য ইউনিট ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। পিবিআইয়ের সংগৃহীত যাবতীয় তথ্য নৌ-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তদন্তের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ ভৌত আলামত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় নদীর আনুমানিক ৫০ গজ দূর থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পিবিআই জানায়, উত্তরখানের নদীতে যেখানে তাহসিফের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে মাজার বস্তি এলাকার দূরত্ব প্রায় ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার। উদ্ধার হওয়া নম্বরবিহীন মোটরসাইকেলটি তাহসিফের নিখোঁজ মোটরসাইকেল কি না, তা গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








