
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু তোলার কাজে ব্যবহার করা চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিকল করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, ইজারা না থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলে আসছিল। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি শ্যালো মেশিন ও চার হাজার ফুট পাইপ নষ্ট করা হয়েছে এবং ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








