
ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড়ে সাবেক স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সোমা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে সুমাইয়া খাতুনের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া খাতুন কাঞ্চননগর পাড়ার সেকেন্দার শেখের মেয়ে।
নিহতের ভাই রাতুল হোসেন জানান, সুমাইয়ার সাথে এনামুল হক মিরাজের আট বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়ে। তাদের সংসারে ফারহান নামে ছয় বছরের এক সন্তান রয়েছে। চার বছর হলো তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।
তিনি আরো জানান, ছাড়াছাড়ির পর সাবেক স্বামী মিরাজ তাদের এলাকায় প্রায় সময় আসা-যাওয়া করত। আজ বুধবার সকালে সোমা তার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। সে সময় বাড়ির সামনে মিরাজের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে মিরাজ সোমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
সোমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শোনা যাচ্ছে, মিরাজ আবারো সুমাইয়াকে বিয়ে করার প্রস্তাব দিলে সে তা অস্বীকার করে। এ নিয়ে বিরোধ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








