যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রশ্নফাঁস, যুব উন্নয়ন অধিদফতর
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইন্টারনেট

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার ঘটনায় যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Advertisement

শনিবার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, শূন্যপদে যুব উন্নয়ন অধিদফতরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য ১০ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করা হয়েছে।

এছাড়া বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আদেশে আরো বলা হয়, নিয়োগ কমিটির সদস্য, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভ্যন্তরীণ ও বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি নেবে কমিটি। পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করবে তারা।

তদন্ত শেষ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদফতরের সিড ফাইন্যান্সিংয়ের পরিচালক। কমিটির সদস্য সচিব করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিবকে।

প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

সূত্র : ইউএনবি