নিহত যুবদল নেতা সোহেল মিয়া
নিহত যুবদল নেতা সোহেল মিয়া। নয়া দিগন্ত
ads

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কালু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুর ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া নামে এক ব্যক্তি সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।