
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
তিনি বলেন, ‘তাদের ভূমিকা দেখে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।’
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন আবু হানিফ। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগ নিয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ পোস্ট দেন।
পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে ফজলুর রহমান বিভিন্ন সময় নিষিদ্ধ আওয়ামী লীগকে আলোচনায় আনার চেষ্টা করছেন। অথচ জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি সংসদ সদস্য হতে পারতেন না। এরপরও তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করছেন।
ফজলুর রহমানের এক সময় আওয়ামী লীগের রাজনীতি করার প্রসঙ্গ টেনে আবু হানিফ লেখেন, ওয়ান্স অ্যা আওয়ামী লীগ, অলওয়েজ অ্যা আওয়ামী লীগ।
একই পোস্টে রুমিন ফারহানারও সমালোচনা করেন আবু হানিফ। তিনি লেখেন, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন রুমিন ফারহানা। কিন্তু সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। মান-অভিমানের কারণে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি আরো লেখেন, থানা পুড়িয়ে দেয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ করেননি।
পোস্টের শেষাংশে তিনি আবারো মন্তব্য করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০২৫ সালের আগস্টে জামায়াত ও জুলাই আন্দোলনকারীদের নিয়ে মন্তব্যের জেরে তার দলীয় পদ স্থগিত করা হয়।
পরে পদ স্থগিত থাকা অবস্থায়ই ২০২৫ সালের নভেম্বরে তিনি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
অন্যদিকে আবু হানিফের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন।
তবে বিএনপির সাথে দলটির নির্বাচনী সমঝোতা হওয়ায় দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার দলের সভাপতি নুরুল হক নুর বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









