
রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোডে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা আইল্যান্ডে উঠে এর চালক সানোয়ার হোসেনের (৫০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পকেট থেকে কিছু টাকা ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। ড্রাইভিং লাইসেন্স দেখে জানা যায় তার নাম সানোয়ার হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার অন্তর্গত ১ নম্বর মগড়া ইউনিয়নে ‘চৌধুরী মালঞ্চ’ বা মালঞ্চ গ্রামে। তবে তিনি ঢাকাতে কোথায় থাকতেন বা তার সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
পথচারী সিএনজিচালক তৌহিদ মিয়া জানান, আমি নিজেও একজন সিএনজিচালক। আমি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় মিন্টু রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি আমার মতোই আরেকজন সিএনজিচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আমি লোকমুখে জানতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি আইল্যান্ডে উঠে গেলে তিনি ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাকে ধরছিল না। একটি অ্যাম্বুলেন্স দাঁড়ালেও গার্ডিয়ান নেই বলে তাকে নিতে চায়নি। পরে আমি নিজের সিএনজিতে করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে জানান তিনি আর বেঁচে নেই। সেই সিএনজিতে আরো দুই-একজন যাত্রী ছিল বলে আমি শুনেছি। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় তাদেরকে অন্য হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, নিহত চালক মাথায় এবং ডান পাশের ঘাড়ে প্রচণ্ড আঘাত পান। তার গলার ডান পাশ দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান।
দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








