শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমার যোগদান
মন্ত্রণালয়ে পার্বত্য মন্ত্রীর দফতরে নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমা যোগদানপত্র দাখিল করেন। নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রুর কাছে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমা যোগদানপত্র জমা দিয়েছেন। এ সময় মন্ত্রী সাচিং প্রু যোগদানপত্র গ্রহণ করেন এবং টাস্কফোর্সের চেয়ারম্যান পথে তাকে শুভেচ্ছা জানান।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ে পার্বত্য মন্ত্রীর দফতরে নবনিযুক্ত চেয়ারম্যান যোগদানপত্র দাখিল করেন।

এর আগে, ৪ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে খাগড়াছড়ি সদরের কল্যাণপুর এলাকার বাসিন্দা সুখময় চাকমার ছেলে স্বপন কুমার চাকমাকে টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আলোকে গঠিত এ টাস্কফোর্সের চেয়ারম্যান পদে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

যোগদান অনুষ্ঠানে মন্ত্রী সাচিং প্রু এমপি জানান, ‘পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে দেশের মূল স্রোতধারার সাথে যুক্ত করার পাশাপাশি ওই অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান গণতান্ত্রিক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল করা ও সচল রাখার লক্ষ্যে সরকার দ্রুততম সময়ে চেয়ারম্যানের শূন্য পদ পূরণ করেছে।’

পার্বত্য মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি সব মানুষের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় ই-লার্নিং ও দূরশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে পাহাড়ি এলাকার শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিক ও জাতীয় মূলধারার সমকক্ষ করার প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’

যোগদানপত্র গ্রহণ ও সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।