জুলাই জাদুঘর, ইউনেস্কো, জুলাই গণঅভ্যুত্থান
জুলাই জাদুঘর পরিদর্শনে আসেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। বাসস

বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও স্মারক ২০২৪ সালের জুলাই-আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।

Advertisement

আজ বুধবার জুলাই জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সুসান ভাইজের নেতৃত্বে ইউনেস্কো বাংলাদেশের একটি প্রতিনিধিদল জুলাই জাদুঘর পরিদর্শন করে। জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

পরিদর্শনকালে জাদুঘরের মহাপরিচালকের সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের মতবিনিময় হয়। এ সময় শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এহসান মাহমুদ।

এহসান মাহমুদ বলেন, ‘আমরা জুলাই জাদুঘরকে শুধু পরিদর্শনের জায়গা হিসেবে নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজ এগিয়ে নিতে ইউনেস্কোর সাথে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী।’

জুলাই জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখার পর সুসান ভাইজ বলেন, ‘জাদুঘরটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংগ্রহ দেখানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং স্বজন হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব দলিল যথাযথভাবে সংরক্ষণ করা উচিত।’

এ সময় ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি বিভাগের প্রধান কিযী তাহনিন উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস